প্লাস্টিক বর্জ্য থেকে ইউরোপের বাজারে: যেভাবে ৬০ কোটি টাকার রিসাইক্লিং ব্যবসা গড়লেন বাংলাদেশি উদ্যোক্তা

প্লাস্টিক বর্জ্য থেকে ইউরোপের বাজারে: যেভাবে ৬০ কোটি টাকার রিসাইক্লিং ব্যবসা গড়লেন বাংলাদেশি উদ্যোক্তা

সম্প্রতি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ‘ বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস উদ্যোক্তা’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা হামিদ হাসান আলভী।

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে মূল্যবান সম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে পাঁচ বছরেরও বেশি আগে যাত্রা শুরু করে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ডভিত্তিক প্রতিষ্ঠানটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঁচামাল তৈরি করছে। এসব কাঁচামাল রপ্তানি হচ্ছে ইউরোপের কয়েকটি দেশে।

উদ্যোক্তা হামিদ হাসান আলভীর প্রতিষ্ঠিত কোম্পানিটি পুনর্ব্যবহৃত পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি) ফ্লেকস তৈরি করে। এসব পণ্য স্পেন, ইতালি, জার্মানি ও লিথুয়ানিয়ায় রপ্তানি করা হয়। প্যাকেজিং, বস্ত্রশিল্পের ফাইবার ও ফোম পণ্য প্রস্তুতকারকেরা এসব কাঁচামাল ব্যবহার করেন।

সম্প্রতি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ' বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস উদ্যোক্তা' হিসেবে স্বীকৃতি পেয়েছেন আলভী। ব্যাংকঋণসহ প্রায় ৫ কোটি টাকা প্রাথমিক বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূলধন বেড়ে বর্তমানে প্রায় ৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটির রপ্তানি থেকে আয় প্রায় ৬০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে পলিইকো রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এর আগে প্রায় এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১০ হাজার থেকে ১১ হাজার টন রিসাইকেলড পিইটি ফ্লেকস উৎপাদন করছে। কারখানাটির উৎপাদন সক্ষমতা বছরে ১৪ হাজার ৪০০ টন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলভী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের সব পণ্যই রপ্তানি করা হয়। স্থানীয় বাজারে আমরা কিছুই বিক্রি করি না। চলতি বছর আমাদের বিক্রির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকায় পৌঁছাবে বলে আশা করছি।'

বর্জ্য থেকে রপ্তানিপণ্য

কারখানাটি ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। এরপর সেগুলো পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে হট-ওয়াশড ক্লিয়ার পিইটি ফ্লেকসে রূপান্তর করা হয়। এসব ফ্লেকস দিয়ে বস্ত্রশিল্পের ফাইবার, প্লাস্টিক স্ট্র্যাপিং, ফিল্ম ও প্যাকেজিং পণ্য তৈরি করা হয়। তবে বর্তমানে কোম্পানিটির উৎপাদিত পণ্য নন-ফুড গ্রেড ব্যবহারের জন্য।।

ধোয়ার জন্য প্রায় ৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ও গরম পানি ব্যবহার করা হয়। এতে বোতলের লেবেল, আঠা ও অন্যান্য ময়লা দূর হয়। পণ্যের মান বজায় রাখতে স্বয়ংক্রিয় অপটিক্যাল সর্টিং সিস্টেমও ব্যবহার করা হয়।

ইউরোপের বাজারের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি রিসাইক্লাস সনদ পেয়েছে। এ সনদ পুনর্ব্যবহারের মান যাচাই, সরবরাহব্যবস্থার স্বচ্ছতা ও পণ্যের উৎস অনুসরণে সহায়তা করে।

আলভী জানিয়েছেন, ইউরোপের ক্রেতারা পণ্যের মান এবং উৎপাদনের প্রতিটি ধাপে স্বচ্ছতার ওপর কঠোর গুরুত্ব দেন। এ কারণে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরি পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ করা হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের স্নাতক আলভী দেশের ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান শিল্প-উপকরণে রূপান্তরের সম্ভাবনা দেখে এ ব্যবসা শুরু করেন।

ইউরোপের বাজারের কঠোর মানদণ্ড পূরণ করতে আধুনিক হট-ওয়াশিং সুবিধা, স্বয়ংক্রিয় সর্টিং সরঞ্জাম এবং নিজস্ব প্রকৌশল সক্ষমতা গড়ে তুলতে বিনিয়োগ করতে হয়েছে। এসব সক্ষমতা কাঁচামাল ও তৈরি পণ্যের মান যাচাইয়ে সহায়তা করে।

প্রতিষ্ঠানটি সারা দেশে ছড়িয়ে থাকা ভাঙারি ব্যবসায়ী ও স্বতন্ত্র সংগ্রহকারীদের নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। এর ফলে পুনর্ব্যবহার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মানুষের জীবিকার সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে কারখানাটিতে প্রায় ১০০ জন কর্মী কাজ করছেন। আলভী জানান, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় এবং আন্তর্জাতিক সামাজিক সামাজিক কমপ্লায়েন্সের (পরিপালন) মানদণ্ড অনুসরণ করে।

সৌরবিদ্যুৎভিত্তিক শতভাগ অপারেশনের লক্ষ্য, প্যাকেজিং পণ্য উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা

কারখানায় ২৩৯ কিলোওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। চলতি মাসেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আলভী বলেন, 'স্থাপনকাজ শেষ হলে কারখানার বিদ্যুতের চাহিদার শতভাগ সৌরবিদ্যুৎ থেকে পূরণ করা সম্ভব হবে।'

এছাড়া, কারখানায় ব্যবহৃত পানি পরিশোধন করে পুনরায় ব্যবহারের ব্যবস্থা রয়েছে। পরিবেশের ওপর উৎপাদন কার্যক্রমের প্রভাব কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি রিসাইকেলড পিইটি ফ্লেকস উৎপাদন ও রপ্তানিতে মনোযোগ দিলেও ভবিষ্যতে এ কাঁচামাল ব্যবহার করে সরাসরি প্যাকেজিং পণ্য তৈরির পরিকল্পনা করছেন আলভী। এর মাধ্যমে উৎপাদন ও মূল্য সংযোজনের পরবর্তী ধাপে যেতে চান তিনি।

আলভী বলেন, 'আমরা এখন যে কাঁচামাল রপ্তানি করছি, ইউরোপের ক্রেতারা তা দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশেও এসব পণ্য উৎপাদন করা সম্ভব। তবে এর জন্য বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে।'

এ খাতে প্রবেশের আগে বাজারের চাহিদা, প্রবৃদ্ধির সম্ভাবনা ও সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে নতুন বোতল, ফিল্ম ও অন্যান্য প্যাকেজিং পণ্য তৈরি করা সম্ভব।

আলভীর বিশ্বাস, এসব পণ্য উৎপাদনে গেলে দেশে মূল্য সংযোজন ও রপ্তানি আয় বাড়বে। প্লাস্টিক বর্জ্যকে রপ্তানিযোগ্য শিল্পপণ্যে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক রিসাইক্লিং শিল্পে পরিচিত করে তোলার লক্ষ্য রয়েছে তার।

তথ্যসূত্র: The Business Standard ↗

← সব সংবাদ