ফ্ল্যাটের মালিক হতে শেয়ারে ভবন নির্মাণ, শৃঙ্খলা চান আবাসন ব্যবসায়ীরা

রাজধানীর প্রায় সব এলাকার আবাসন প্রকল্পগুলোয় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা। বুড়িগঙ্গা নদী–তীরবর্তী মোহাম্মদপুরের ফিউচার টাউন, ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউন এলাকার আবাসন প্রকল্পগুলোয় সবচেয়ে বেশি শেয়ারে বহুতল আবাসিক ভবনগুলো গড়ে উঠছে। ছবিটি মঙ্গলবার তোলা ছবি: সাজিদ হোসেন
রাজধানীর প্রায় সব এলাকার আবাসন প্রকল্পগুলোয় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা। বুড়িগঙ্গা নদী–তীরবর্তী মোহাম্মদপুরের ফিউচার টাউন, ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউন এলাকার আবাসন প্রকল্পগুলোয় সবচেয়ে বেশি শেয়ারে বহুতল আবাসিক ভবনগুলো গড়ে উঠছে। ছবিটি মঙ্গলবার তোলা ছবি: সাজিদ হোসেন

রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জমির চড়া দাম, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তদের জন্য এককভাবে একটি ফ্ল্যাট কেনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে নিজেদের সাধ্যের মধ্যে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ‘শেয়ারে জমি কিনে ভবন নির্মাণ’ বা যৌথ আবাসনের ধারণা। সমমনা পেশাজীবী, সহকর্মী, আত্মীয়স্বজন বা বন্ধুমহল মিলে একত্রে জমি কিনে নিজেরাই ভবন নির্মাণ করছেন, যাতে প্রচলিত বাজারদরের তুলনায় ফ্ল্যাটের খরচ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হচ্ছে।

ক্রেতাদের এই নতুন ঝোঁকের ফলে দেশের প্রথাগত আবাসন ব্যবসায় যেমন চাপ তৈরি হয়েছে, তেমনি অনেক ডেভেলপার প্রতিষ্ঠানও বদলে ফেলছে নিজেদের ব্যবসায়িক মডেল। আবার সঠিক নিয়ম না মেনে আবাসন গড়ে ওঠায় এ খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যক্তি ও কমিউনিটি উদ্যোগের প্রসার

একসময় পরিকল্পিত আবাসন মানেই ছিল কোনো ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে তৈরি ফ্ল্যাট কেনা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফ্ল্যাটের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সামনে এসেছে অংশীদার হিসেবে কমিউনিটি বা গ্রুপভিত্তিক আবাসন। সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, চিকিৎসক, প্রকৌশলী, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষেরা নিজেদের মধ্যে সমিতি বা গ্রুপ গঠন করে আবাসন গড়ছে। রাজধানীর ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, ফিউচার টাউন, ওয়াশপুর গার্ডেন সিটি, মধুসিটি, বসুন্ধরা, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, আফতাবনগর, জলসিঁড়ি ও পূর্বাচল–সংলগ্ন আবাসন প্রকল্প বা নতুন নতুন এলাকায় জমি কিনছেন। এরপর আর্কিটেক্ট ফার্মের মাধ্যমে নিজেদের পছন্দমতো নকশা করে ভবন নির্মাণ করছেন। এই পদ্ধতিতে জমির মালিক ও ডেভেলপারের মুনাফার অংশ বাদ যাওয়ায় ক্রেতারা তুলনামূলক অনেক কম খরচে বড় আয়তনের ফ্ল্যাটের মালিক হতে পারছেন। গুলশানের ভূমি উন্নয়নের ওই সময়ে শেয়ারে প্লট কেনাবেচার উদ্যোগ ছিল। তবে পরে ওই প্লটের বেশির ভাগই ডেভেলপার কোম্পানির মাধ্যমেই ভবন তৈরি হয়েছে।

চাপে প্রথাগত আবাসন ব্যবসা

ক্রেতাদের শেয়ারে বাড়ি নির্মাণের এই প্রবণতা মূল ধারার আবাসন প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। আবাসন খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, একদিকে জমির মালিকদের উচ্চ চাহিদা ও সাইনিং মানির চাপ, অন্যদিকে রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ডেভেলপারদের নির্মাণ ব্যয় বেড়ে গেছে। এর ওপর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের ফলে ভবনের উচ্চতা ও আয়তন কমে যাওয়ায় ফ্ল্যাটের দাম আরও বেড়েছে। এই উচ্চ মূল্যের ফ্ল্যাট বিক্রি করতে হিমশিম খাচ্ছে প্রথাগত প্রতিষ্ঠানগুলো। ফলে বাজারের একটি বড় অংশ চলে যাচ্ছে ব্যক্তি বা যৌথ উদ্যোগের হাতে।

আবাসন কোম্পানিগুলোর কর্মকর্তারা জানান, শেয়ারে ভবন নির্মাণের ক্ষেত্রে অংশীদারদের মধ্যে মতবিরোধের কারণে প্রায়ই নির্মাণকাজ দীর্ঘদিন ঝুলে থাকে এবং নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হয় না। শুরুতে কম খরচের চটকদার হিসাব দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হলেও প্রকল্প শেষে ব্যয় অনেক বেড়ে যায়। এ ছাড়া ভবন নির্মাণের আগেই জমির নিবন্ধন (রেজিস্ট্রেশন) হয়ে যাওয়ায় পরবর্তী সময়ে অংশীদারদের দ্বিমতের কারণে অনেকে ফ্ল্যাট বুঝে পেতে ভোগান্তিতে পড়েন। তাঁদের মতে, জমি নিবন্ধনের সময়ই নির্মাণ ব্যয়ের সুনির্দিষ্ট ঘোষণা থাকা উচিত।

কর্মকর্তারা আরও অভিযোগ করেন, শেয়ারে নির্মিত অধিকাংশ ভবনেই পেশাদার স্থপতির নকশা অনুসরণ করা হয় না। রাজউক থেকে একটি নকশা অনুমোদন করিয়ে পরবর্তী সময়ে তা পরিবর্তন করে বাড়তি শেয়ার বিক্রির উদ্দেশ্যে অনিয়ম করা হচ্ছে। কিছু উদ্যোগ ভালো হলেও অনেক ক্ষেত্রে মাল্টি-লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) মতো করে শেয়ার বিক্রি চলছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভবন নির্মাণ শেষে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হয়েছে কি না, তা যাচাই করে বাধ্যতামূলক সনদ নেওয়ার বিধান চালু এবং পুরো প্রক্রিয়াটিকে দ্রুত আইনি কাঠামোর আওতায় আনার দাবি জানিয়ে তাঁরা বলেন, অন্যথায় আবাসন খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।

ডেভেলপারদের নতুন ব্যবসায়িক মডেল

বাজারের পরিবর্তিত এই বাস্তবতার সঙ্গে টিকে থাকতে কৌশল বদলাচ্ছে অনেক প্রতিষ্ঠিত ক্ষুদ্র ও মাঝারি আবাসন কোম্পানি। আগে যেখানে ডেভেলপাররা জমির মালিকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে (জয়েন্ট ভেঞ্চার) ভবন নির্মাণ করত, এখন সেখানে যুক্ত হয়েছে ‘কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট’ বা নির্ধারিত ফি-ভিত্তিক যৌথ নির্মাণ সেবা। অর্থাৎ ক্রেতারা নিজেরা একত্র হয়ে জমি কিনছেন এবং সেই জমিতে ভবন নির্মাণের দায়িত্ব দিচ্ছেন পেশাদার ও ডেভেলপার প্রতিষ্ঠানকে। এতে একদিকে ক্রেতারা নির্মাণের গুণগত মান ও আইনি নিরাপত্তা পাচ্ছেন, অন্যদিকে ডেভেলপাররাও বড় মূলধন বিনিয়োগ ছাড়াই ব্যবসা সচল রাখতে পারছেন।

রিহ্যাবের অবস্থান ও সতর্কবার্তা

ব্যক্তি ও শেয়ারে ভবন নির্মাণের এই ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের সাম্প্রতিক পর্যবেক্ষণ ও অবস্থান অনুযায়ী, ব্যক্তি উদ্যোগে বা অনভিজ্ঞ ঠিকাদারের মাধ্যমে নির্মিত অনেক ভবনেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও রাজউকের অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনিরাপত্তাব্যবস্থা এবং পর্যাপ্ত খোলা জায়গা রাখার ক্ষেত্রেও ঘাটতি থেকে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া শেয়ারে জমি কেনার পর নির্মাণ ব্যয় বেড়ে গেলে অংশীদারদের মধ্যে আর্থিক ও মালিকানাসংক্রান্ত বিরোধ দেখা দেওয়ার নজিরও বাড়ছে। আবার জমির ‘শেয়ার’ কিনে কম খরচে ফ্ল্যাট তৈরির আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছে রিহ্যাব।

কর ফাঁকি ও নিয়ম না মানার প্রবণতায় ঝুঁকি বাড়ছে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, বর্তমানে শেয়ারে জমি কিনে ভবন নির্মাণের যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি মূলত সরকারকে কর (ট্যাক্স) ফাঁকি দেওয়ার একটি কৌশল হিসেবে অনেকে বেছে নিচ্ছেন। এভাবে ভবন নির্মাণের ক্ষেত্রে বেশির ভাগ উদ্যোগেই কোনো বিধিমালা বা নিয়মকানুন মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, একটি নকশা অনুমোদন করিয়ে তার বাইরে গিয়ে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে নির্মাণের গুণগত মানও ঠিকমতো বজায় রাখা হচ্ছে না।

আবদুল আউয়াল বলেন, যৌথভাবে জমি কিনে যদি কোনো প্রতিষ্ঠিত ও পেশাদার ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে ভবন নির্মাণ করা হয়, সেখানে পরিকল্পিত আবাসনের নিয়মমতো তৈরি হচ্ছে। কিন্তু ক্রেতারা নিজেরা উদ্যোগ নিয়ে সাধারণ ঠিকাদার (কন্ট্রাক্টর) দিয়ে কম খরচে ভবন নির্মাণ করতে গেলে নানা জটিলতা তৈরি হয়। ভবন নির্মাণ কোনো সাধারণ চাষাবাদের মতো কাজ নয় যে বদলা দিয়ে করিয়ে নেওয়া যাবে; এটি একটি পূর্ণাঙ্গ প্রকৌশলগত (ইঞ্জিনিয়ারিং) কাজ। এখানে ইন-হাউস স্থাপত্য ও কাঠামোগত নকশা এবং সার্বক্ষণিক প্রকৌশলগত তদারকি অপরিহার্য। এ ছাড়া যৌথ মালিকানায় নির্মিত ফ্ল্যাটের ক্ষেত্রে ভবিষ্যতে মালিকানা হস্তান্তর বা ফ্ল্যাট বিক্রির সময় নিবন্ধিত দলিল ও আনুষঙ্গিক কাগজপত্র নিয়েও নানা আইনি জটিলতা দেখা দেয়। বড় সমস্যা হলো জমি বা ফ্ল্যাটের কোন অংশ কে নেবেন, তা দলিলে উল্লেখ না থাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়।

বড় প্রতিষ্ঠানের মাধ্যমে যৌথ আবাসন নিরাপদ

শেয়ারে আবাসন নির্মাণ নিয়ে নাভানা রিয়েল এস্টেটের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শেয়ারে বা যৌথ উদ্যোগে আবাসন নির্মাণের বিষয়টিকে আমরা নেতিবাচকভাবে দেখি না, তবে এখানে বড় ধরনের ঝুঁকির জায়গা রয়েছে। বাজারে চটকদার বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাটের শেয়ার বিক্রির যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাধারণ ক্রেতাদের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।’

নজরুল ইসলাম বলেন, ‘ঢাকায় জমির উচ্চমূল্যের কারণে একই পেশার চাকরিজীবী, ব্যাংকার, বিসিএস কর্মকর্তা, সেনা কর্মকর্তা বা বন্ধুমহল মিলে একত্রে জমি কিনে আবাসন গড়ার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। প্রক্রিয়াটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জমি কেনার পর নিজেরা নির্মাণ না করে বড় ও বিশ্বস্ত ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া উচিত। এতে পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত হয়। আমরা ইতিমধ্যে এমন উদ্যোগে যুক্ত হয়েছি; কালশীতে সেনা, বিসিএস কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর কেনা ছোট ছোট জমি একত্র করে প্রায় ৯৫ বিঘা জায়গার ওপর নাভানা একটি আধুনিক মেগা কন্ডোমিনিয়াম প্রকল্প বাস্তবায়ন করছে।’

স্থাপত্য প্রতিষ্ঠানের তদারকিতে মানসম্মত ভবন

আবাসন খাতে শেয়ারে ভবন নির্মাণের উদ্যোক্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, শেয়ারে ভবন তৈরিতে অংশীদারদের ৩০ থেকে ৪০ শতাংশ খরচ সাশ্রয় হচ্ছে। শুরুতে জমি কেনার হিসাব করলে দেখা যায়, ভূমির মালিকের সঙ্গে চুক্তির সময় বড় অঙ্কের সাইনিং মানিসহ নানা আনুষঙ্গিক খরচের কারণে আবাসন কোম্পানিকে ফ্ল্যাট ক্রেতাদের কাছে জমির দাম অনেক বেশি ধরতে হয়। বিপরীতে শেয়ারে জমি কেনার ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়ে মাত্র ৫ থেকে ১০ শতাংশ বেশি খরচ পড়ে। মূলত এ কারণেই ক্রেতাদের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হয়।

মেহেদী হাসান বলেন, প্রতিটি ডেভেলপার কোম্পানির নিজস্ব স্থপতি ও প্রকৌশলী থাকলেও মাঠপর্যায়ের কাজ ও নির্মাণশ্রমিক ঠিকাদারের মাধ্যমেই করানো হয়। অন্যদিকে শেয়ারে বাড়ি তৈরির ক্ষেত্রে পেশাদার স্থাপত্য প্রতিষ্ঠানের সঙ্গে নকশা প্রণয়ন এবং নিয়মিত প্রকল্প পরিদর্শনের চুক্তি করা হয়। এর ফলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও অন্যান্য নিয়মকানুন মেনেই মানসম্মত ভবন তৈরি হচ্ছে। শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠান বাদ দিলে সাধারণ ডেভেলপার কোম্পানির চেয়ে এখন শেয়ারে নির্মিত ভবনের মান অনেক ক্ষেত্রেই ভালো হচ্ছে। এ কারণেই সাম্প্রতিক সময়ে সাধারণ ক্রেতাদের মধ্যে শেয়ারে বাড়ি নির্মাণের প্রবণতা দ্রুত বাড়ছে।

মেহেদী হাসান বলেন, শেয়ারে উদ্যোক্তারা প্রকল্প শুরুর আগে নীতিমালা ঠিক করে নিলে জটিলতা ছাড়াই অনেক ভালো মানের ভবন নির্মাণে সাশ্রয় হবে এবং সময়মতো ফ্ল্যাট বুঝে পাবেন। রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে কিছু কোম্পানি ছাড়া ক্রেতাদের ফ্ল্যাট বুঝে পেতে অভিযোগের স্তূপ জমা হচ্ছে। অনেক ডেভেলপার প্রতিষ্ঠানের জমি ব্যাংকে বন্ধক থাকায় ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সময়মতো বুঝিয়ে দিচ্ছে না। নানা জটিলতার কারণে মানুষ এখন শেয়ারে নিজের টাকায় নিজেই পেশাদার নিয়োগ করে ভবন তৈরিতে ঝুঁকছেন।

তথ্যসূত্র: Prothomalo ↗

← সব সংবাদ