ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে যে সাত পরিবর্তন জরুরি

মেদহীন ব্যক্তির ফ্যাটি লিভার হয় না ধারণাটি ভুল ছবি: পেক্সেলস
মেদহীন ব্যক্তির ফ্যাটি লিভার হয় না ধারণাটি ভুল ছবি: পেক্সেলস

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কোনো একক খাবার বা পানীয় জাদুর মতো কাজ করে না; বরং সুষম খাদ্য, পরিমিত ক্যালরি, স্বাস্থ্যকর ওজন ও নিয়মিত ব্যায়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১. ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করুন

ভাত সম্পূর্ণ বাদ দিতে হবে, এমন নয়। তবে প্রয়োজনের তুলনায় বেশি ভাত খাওয়া এবং একই সঙ্গে আলু, রুটি, মিষ্টি ও অন্যান্য শর্করাজাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করা এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে পরিমিত পরিমাণ লাল চাল বা কম প্রক্রিয়াজাত শস্য বেছে নেওয়া যায়।

২. প্রতিদিন শাকসবজি রাখুন

লাউ, পটোল, ঢ্যাঁড়স, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, লালশাক ও অন্যান্য মৌসুমি সবজি খাদ্যতালিকায় রাখুন। এগুলোয় থাকা আঁশ ও বিভিন্ন পুষ্টি উপাদান স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে সাহায্য করে।

নিয়মিত পরিমিত পরিমাণে খান ছবি: জুয়েল শীল
নিয়মিত পরিমিত পরিমাণে খান ছবি: জুয়েল শীল

৩. ফল খান, ফলের রস নয়

পেয়ারা, আপেল, কমলা, পেঁপে, নাশপাতি ও অন্যান্য মৌসুমি ফল পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। ফলের রস, বিশেষত চিনি মেশানো জুস ও কোমল পানীয় এড়িয়ে চলুন।

৪. প্রোটিনের স্বাস্থ্যকর উৎস বেছে নিন

মাছ, ডিম, চামড়া ছাড়া মুরগির মাংস, ডাল, ছোলা, মটরশুঁটি ও বাদাম থেকে প্রোটিন পাওয়া যায়। অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, প্রক্রিয়াজাত মাংস এবং ঘন ঘন ভাজা খাবার কমাতে হবে।

অতিরিক্ত তেলে রান্না করা খাবার সীমিত করুন ছবি: প্রথম আলো
অতিরিক্ত তেলে রান্না করা খাবার সীমিত করুন ছবি: প্রথম আলো

৫. তেল ও ভাজাপোড়া কমান

পুরি, পরোটা, শিঙাড়া, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই ও অতিরিক্ত তেলে রান্না করা খাবার সীমিত করুন। রান্নায় পরিমিত পরিমাণ উদ্ভিজ্জ তেল ব্যবহার করুন। ঘি, মাখন, ডালডা ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার কমিয়ে দিন।

৬. চিনি ও মিষ্টি পানীয় বর্জন করুন

কোমল পানীয়, এনার্জি ড্রিংক, অতিরিক্ত চিনিযুক্ত চা–কফি, মিষ্টি, কেক, বিস্কুট ও মিষ্টিজাতীয় খাবার কমাতে হবে।

৭. পর্যাপ্ত পানি পান করুন

চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে পানি বেছে নিন।

হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো পছন্দের শারীরিক কার্যক্রম বেছে নিন ছবি: কবির হোসেন
হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো পছন্দের শারীরিক কার্যক্রম বেছে নিন ছবি: কবির হোসেন

জীবনযাত্রায় পরিবর্তন জরুরি

  • অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন। প্রায় ৫ শতাংশ ওজন কমলে লিভারের চর্বি কমতে পারে; আরও বেশি ওজন কমানো কিছু রোগীর প্রদাহ ও ফাইব্রোসিসের উন্নতি ঘটে।
  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রম, যেমন দ্রুত হাঁটা ও কাজ করার চেষ্টা করুন।
  • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণে রাখুন।
  • অ্যালকোহল এড়িয়ে চলুন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া হারবাল ওষুধ, তথাকথিত লিভার ডিটক্স পানীয় বা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না।

ফারজানা ওয়াহাব, পুষ্টিবিদ, আলোক হাসপাতাল লিমিটেড

অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতক

তথ্যসূত্র: Prothomalo ↗

← সব সংবাদ