দেশি পণ্যের সবচেয়ে বড় মেলা শুরু ২২ নভেম্বর, থাকছে ৪০০ উদ্যোক্তার পণ্য

এসএমই ক্লাস্টারে একটি কারখানায় জুতা তৈরি করছেন উদ্যোক্তা
এসএমই ক্লাস্টারে একটি কারখানায় জুতা তৈরি করছেন উদ্যোক্তা

দেশীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক, জুতা, ব্যাগ, গয়না, প্রসাধনী, পাটপণ্য, হস্তশিল্প, ইলেকট্রনিকসহ নানা ধরনের পণ্য এক ছাদের নিচে কেনার সুযোগ আসছে।২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। এবারের এসএমই মেলায় চার শতাধিক উদ্যোক্তা তাঁদের প্রতিষ্ঠানের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগবে না।

এসএমই ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ও তৈরি পোশাক, হারবাল পণ্য ও প্রসাধনী, অলংকার, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক ও রাবারজাত পণ্য, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।

মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। কোনো বিদেশি বা আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না।

ঋণের আবেদনের সুযোগ

এসএমই ফাউন্ডেশন জানায়, মেলায় পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য থাকছে ব্যাংকঋণ সম্পর্কে জানার বিশেষ সুযোগ। মেলায় অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের শর্ত, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন উদ্যোক্তারা।

এমনকি ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলা প্রাঙ্গণেই ঋণের আবেদন করা যাবে। এ ছাড়া ঋণ পাওয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা।

সাত দিনের মেলায় উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য সহজ শর্তে অর্থায়ন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন উদ্যোক্তা তৈরি এবং নারী উদ্যোক্তা উন্নয়ন নিয়ে কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে এসব সেমিনারের আয়োজন করা হবে।

আগের ১২ মেলায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি

এসএমই ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ঢাকায় জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২টি মেলায় প্রায় সাড়ে তিন হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় উদ্যোক্তারা প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন।

জাতীয় মেলার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও এসএমই পণ্য মেলার আয়োজন করে সংস্থাটি। এখন পর্যন্ত ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন।

এ ছাড়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দিয়ে আসছে এসএমই ফাউন্ডেশন। এখন পর্যন্ত ৭১ জন উদ্যোক্তা এ পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং একজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা।

২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এ খাতে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন তিন কোটির বেশি মানুষ।

মূল প্রতিবেদন: Voice of Startup Bangladesh

← সব সংবাদ